বিশেষ প্রতিনিধি, আগরতলা: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে শুরু হল পাঁচ দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং মহারাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। আগামী পাঁচ দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচেই থাকছে আকর্ষণীয় পুরস্কার ও খেলোয়াড়দের উৎসাহিত করার বিশেষ ব্যবস্থা।
চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলের জন্য রয়েছে ৭০ হাজার টাকা পুরস্কার। পাশাপাশি প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে দেওয়া হবে ২,৫০০ টাকা। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘ম্যান অব দ্য সিরিজ’ হিসেবে পাবেন ২৫ হাজার টাকা।
আয়োজকদের আশা, আগামী পাঁচ দিন ধরে মাঠে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপভোগ করবেন ক্রীড়াপ্রেমীরা। একইসঙ্গে এই আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবকদের খেলাধুলায় আরও বেশি করে যুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।