Home আগরতলা৯৩টি পরিবারের সদস্যদের হাতে পদ্ম পতাকা, ‘শ্রেষ্ঠ বড়জলা’ গড়ার ডাক অভিষেক দেবরায়ের

৯৩টি পরিবারের সদস্যদের হাতে পদ্ম পতাকা, ‘শ্রেষ্ঠ বড়জলা’ গড়ার ডাক অভিষেক দেবরায়ের

by Debasish
0 comments 11 views

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বড়জলা বিধানসভা কেন্দ্রে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড়সড় যোগদান কর্মসূচি করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার ৪-বড়জলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসভা ও যোগদান অনুষ্ঠানে সিপিআই(এম) ও কংগ্রেস ছেড়ে ৯৩টি পরিবারের প্রায় ৩৩০ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়-সহ দলের নেতৃত্ব ও স্থানীয় কার্যকর্তারা। নতুন যোগদানকারীদের দলীয় উত্তরীয় পরিয়ে এবং হাতে পদ্ম পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বিরোধী সিপিআই(এম) ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, বাম আমলে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, খুন ও বিভাজনের রাজনীতি চলেছে। তাঁর দাবি, বর্তমান বিজেপি সরকার সমাজের অন্তিম সারির মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

অভিষেক দেবরায় বলেন, বড়জলা বিধানসভা এলাকায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করাই দলের অন্যতম লক্ষ্য। আগামী দিনে উন্নয়ন ও জনকল্যাণের মাধ্যমে ‘শ্রেষ্ঠ বড়জলা’ গড়ে তুলতে হবে। বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, জনগণের সমর্থন হারিয়ে বিরোধীরা এখন দিশাহারা হয়ে পড়েছে এবং আগামী দিনেও মানুষ উন্নয়ন ও সুশাসনের পক্ষেই থাকবে।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি দলের নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। কোনো ধরনের অনৈতিক বা অসাংগঠনিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

এদিনের যোগদান কর্মসূচিকে ঘিরে বরজলা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুল সংখ্যক মানুষের যোগদান বড়জলা এলাকায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।

You may also like

Leave a Comment