Home আগরতলা“বিরোধীদের অভিযোগ, দলের কোন্দল, নির্বাচন ও স্বাস্থ্য পরিষেবা—সব ইস্যুতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা”

“বিরোধীদের অভিযোগ, দলের কোন্দল, নির্বাচন ও স্বাস্থ্য পরিষেবা—সব ইস্যুতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা”

by Debasish
0 comments 5 views

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি নির্বাচন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের অভিযোগ, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মেডিকেল কলেজের ফ্যাকাল্টি—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলির নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ এবং নির্বাচন পুনর্বিবেচনার দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, বিরোধীরা বিষয়টিকে কেন্দ্র করে ‘মৃতসঞ্জীবনী’র মতো আশ্রয় পেয়ে হট্টগোল ও হইচই করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট তিন সদস্যের কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়ম ও নীতি মেনেই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও তিনি দাবি করেন। একইসঙ্গে বিরোধীরা মিথ্যা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Oplus_16908288

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের ফলাফল নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এনডিএ জোট বিপুল সাফল্য পাবে এবং ৯০ শতাংশের কাছাকাছি ভোটে জয়লাভের প্রত্যাশা রয়েছে। দলের জনপ্রতিনিধি ও কর্মীরা ইতিমধ্যেই গ্রামেগঞ্জে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন বলেও জানান তিনি।

হাইওয়েতে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ

জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, হাইওয়েতে আধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে। দুর্ঘটনার খবর পেলেই ফায়ার ব্রিগেডের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। এই পরিষেবাগুলির কার্যকারিতা আরও বাড়াতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

গ্রামে গ্রামে ‘আরোগ্য মন্দির’, দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, গ্রামাঞ্চলে স্বাস্থ্য উপকেন্দ্র এবং ‘আরোগ্য মন্দির’-এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ১২ ধরনের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও সাধারণ মানুষ পাবেন বলে জানান তিনি।

হাসপাতালকে ‘পেপারলেস’ করার কাজ শুরু

রাজ্যের হাসপাতালগুলিকে ধাপে ধাপে পেপারলেস বা কাগজবিহীন ব্যবস্থায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান হাসপাতালে এই ব্যবস্থা চালুর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালেও একই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।

গোষ্ঠীকোন্দল বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। দলের মধ্যে কোনো ধরনের গোষ্ঠীকোন্দল বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। এ ধরনের ঘটনায় দল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

নতুন প্রভারী নিয়োগকে স্বাগত

ত্রিপুরায় দলের নতুন প্রভারী নিয়োগ প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভারীকে স্বাগত জানিয়ে বলেন, দলে দায়িত্বের রদবদল একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া।

NMC-র গাইডলাইন মেনেই মেডিকেল কলেজে ফ্যাকাল্টি নিয়োগ

মেডিকেল কলেজগুলিতে ফ্যাকাল্টি বা শিক্ষক সংকট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল মেডিকেল কমিশনের (NMC) নির্দেশিকা মেনেই প্রয়োজনীয় ফ্যাকাল্টি নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। মেডিকেল কলেজগুলির অনুমোদনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে সরকার নজর রাখছে। কোনো পদ শূন্য হলে দ্রুত তা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment