শ্রমিকদের কল্যাণ, সামাজিক সুরক্ষা ও শ্রম আইন কার্যকর করার ওপর জোর, রাজ্য সরকারকে সুপারিশ জানাবে উপদেষ্টা পর্ষদ
আগরতলা, ২৬ অক্টোবর: শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষিত রাখা, ন্যূনতম মজুরি নির্ধারণ ও সংশোধন এবং শ্রম আইন কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলায়। সোমবার আগরতলার অফিস লেনস্থিত শ্রম অধিকর্তার কার্যালয়ে রাজ্য উপদেষ্টা পর্ষদের এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়-সহ রাজ্য উপদেষ্টা পর্ষদের অন্যান্য সদস্যরা। শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাঁদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একাধিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানান, ন্যূনতম মজুরি, শ্রমিকদের অধিকার এবং শ্রম আইন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ ও মর্যাদা রক্ষা করা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি তাঁদের জন্য ন্যায্য ও ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলা এবং কার্যকর কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন শ্রমমন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থে গৃহীত নীতি ও আইনি বিধানগুলি যাতে কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।
বৈঠকে অংশগ্রহণ করে বিধায়ক অভিষেক দেবরায় জানান, ন্যূনতম মজুরি নির্ধারণ ও সংশোধন, শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষা এবং শ্রমবিধি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।