উদয়পুর, ২৩ সেপ্টেম্বর :
দীর্ঘদিনের দাবির অবশেষে বাস্তবায়নের পথে এগোল উদয়পুরের চন্দ্রপুর এলাকার বাসিন্দাদের বহু প্রতীক্ষিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা এই কেন্দ্রকে ঘিরে এলাকাজুড়ে দেখা দিয়েছে খুশির আবহ।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজনের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, জেলা পরিষদের সহ-সভাপতি সুজন সেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। শিশু ও মায়েদের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এলাকার মানুষের দীর্ঘদিনের এই প্রয়োজন এবার পূরণের পথে এগিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী।
ভূমি পূজনকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকায় ছিল উৎসবের পরিবেশ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে চলায় তাঁদের মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দ।