আগরতলা, ২৯ আগস্ট: চাকরির প্রলোভন দেখিয়ে ত্রিপুরার ছয় তরুণীকে নেপালের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের পানিট্যাঙ্কি এলাকায়, নেপাল সীমান্তের কাছ থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ডান্স বারে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীদের প্রলুব্ধ করা হয়েছিল। এরপর তাঁদের নেপালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পানিট্যাঙ্কি এলাকায় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযান চালিয়ে ছয়জনকেই নিরাপদে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ করে চার অপ্রাপ্তবয়স্ক কীভাবে সন্দেহভাজনদের সংস্পর্শে এল এবং তাঁদের সীমান্তের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে বৃহত্তর কোনও মানবপাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।