আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৩১ আগস্ট রাজ্য নির্বাচন কমিশন (SEC) ভিলেজ কমিটি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে।
নির্বাচনের সূচি ঘোষণা হলেই ADC এলাকাজুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির তৎপরতাও বাড়বে। প্রার্থী বাছাই, জোট নিয়ে আলোচনা এবং বুথস্তরে সংগঠন মজবুত করার কাজে দলগুলি দ্রুত নামবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন পরিচালনার প্রস্তুতিও শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং অতিরিক্ত BDO-দের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাঁদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণে মনোনয়নপত্র যাচাই, আদর্শ আচরণবিধি কার্যকর করা, ভোট গণনা-সহ নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শীঘ্রই সর্বদলীয় বৈঠক করার প্রস্তুতিও নিচ্ছে কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য ত্রিপুরা পুলিশের সঙ্গেও আলোচনা চলছে বলে সূত্রের খবর।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্পর্শকাতর ও অতি-স্পর্শকাতর বুথ বা এলাকাগুলি চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ সময় পর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় এবারের ভোটের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচনী এলাকাগুলির ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশের কাজ সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন।
৩১ আগস্ট নির্ঘণ্ট ঘোষণা হলে মনোনয়ন জমা, মনোনয়নপত্র যাচাই, প্রার্থিতা প্রত্যাহার, ভোটগ্রহণ এবং ভোট গণনার দিনক্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্ঘণ্ট প্রকাশের পরই TTAADC এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা।