ব্যাংক পরিষেবা সম্প্রসারণে উদ্যোগ, পশুপালক ও মৎস্যচাষীদের সহজ ঋণ দেওয়ার ওপরও জোর
আগরতলা, ১ সেপ্টেম্বর: উনকোটি জেলার ফটিকরয় ও কাঞ্চনবাড়িতে শীঘ্রই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর নতুন শাখা চালু হতে চলেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ব্যাংকিং পরিষেবা ও ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ হবে। মঙ্গলবার সচিবালয়ে ত্রিপুরা স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আশ্বাস পেয়েছেন এআরডি, মৎস্য ও এসসি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস।
ফটিকরয় বিধানসভা কেন্দ্রের বিধায়কও মন্ত্রী সুধাংশু দাস জানান, মঙ্গলবার ত্রিপুরা স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির এজিএম-সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর সঙ্গে দেখা করেন।
বৈঠকে ফটিকরয় ও কাঞ্চনবাড়িতে দীর্ঘদিন ধরে PNB-এর শাখা স্থাপনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি এলাকাই ফটিকরয় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। মন্ত্রীর দাবি, ব্যাংকের আধিকারিকরা তাঁকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই দুই এলাকায় PNB-এর শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, নতুন শাখা চালু হলে এলাকার সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবার জন্য দূরবর্তী এলাকায় যেতে হবে না। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিনের বৈঠকে রাজ্যের পশুপালক ও মৎস্যচাষীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়। কিষান ক্রেডিট কার্ড (KCC) প্রকল্পের মাধ্যমে পশুপালক ও মৎস্যচাষীদের সহজে ঋণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সুধাংশু দাস বলেন, সময়মতো এবং স্বল্প খরচে ঋণ পাওয়া গেলে পশুপালক ও মৎস্যচাষীরা তাঁদের কাজের পরিধি বাড়াতে পারবেন। পাশাপাশি পশুপালন ও মৎস্যচাষে বিনিয়োগ বাড়িয়ে তাঁরা আরও বেশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন।
যোগ্য সুবিধাভোগীরা যাতে অযথা হয়রানি বা জটিলতার মুখে না পড়েন এবং সহজেই ঋণ সুবিধা পান, সেজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যাংকগুলির মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির ওপরও জোর দেন মন্ত্রী।