Home ত্রিপুরা৯ দফা দাবিতে খোয়াইয়ে GMP, TYF ও TSU-এর গণঅবস্থান

৯ দফা দাবিতে খোয়াইয়ে GMP, TYF ও TSU-এর গণঅবস্থান

by Debasish
0 comments 31 views

পাহাড়ে কাজের দাবি, এডিসিতে নিয়োগের অভিযোগে সরব বিরোধীরা

খোয়াই: পাহাড়ে কর্মসংস্থানের অভাব, খাদ্য ও সুপেয় পানীয় জলের সংকট এবং ত্রিপুরা আঞ্চলিক স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (TTAADC)-এ নিয়োগে অনিয়মের অভিযোগকে সামনে রেখে খোয়াইয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করল GMP, TYF ও TSU-এর খোয়াই মহকুমা কমিটি। ৯ দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল।

কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ের বিভিন্ন এলাকায় বর্তমানে কাজের অভাব ও রুজি-রোজগারের সংকট তীব্র আকার ধারণ করেছে। কাজ ও সুপেয় পানীয় জলের দাবিতে বিভিন্ন এলাকায় মানুষকে পথ অবরোধের মতো কর্মসূচিতে নামতে হচ্ছে। তেলিয়ামুড়ার দাসপাড়া, নাটিংবাড়ি, ছামনু, গন্ডাছড়া এবং খোয়াই জেলার মুঙ্গিয়াকামি, রঘাবিল, বড়ময়দান ও চেংই-সহ বিভিন্ন এলাকায় জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন বক্তারা।

এদিনের কর্মসূচিতে ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণা, এডিসিতে চাকরি কেন্দ্র স্থাপন, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি-সহ মোট ৯ দফা দাবি তুলে ধরা হয়।

গণঅবস্থান থেকে এডিসিতে শিক্ষক ও কর্মী নিয়োগ নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। বিরোধী নেতৃত্বের অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে বিজ্ঞপ্তি ও যথাযথ সাক্ষাৎকার ছাড়াই এডিসিতে শতাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। পরে এই নিয়োগের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও দাবি করা হয়। এই ঘটনায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা আরও দাবি করেন, এডিসিতে নিয়োগ সংক্রান্ত অনিয়ম নিয়ে হাইকোর্টে একাধিক মামলা হয়েছে এবং আদালতের নির্দেশের পর কিছু নিয়োগপ্রাপ্তের বেতন বন্ধ হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, টিটিএডিসির প্রাক্তন সিইএম রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

বক্তারা বলেন, পাহাড়ের মানুষের জীবন-জীবিকার সমস্যা সমাধানে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এডিসিতে চাকরি সংক্রান্ত যাবতীয় অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করা হয়।

You may also like

Leave a Comment