Home ত্রিপুরা২৯.৬ কেজি গাঁজা উদ্ধারের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

২৯.৬ কেজি গাঁজা উদ্ধারের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

by Debasish
0 comments 30 views

বিলোনিয়া, ২৮ আগস্ট: এনডিপিএস মামলায় বড়সড় রায় দিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় অভিযুক্ত কেশব লাল দাস ওরফে কেশবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বিলোনিয়ায় এনডিপিএস মামলায় এটি অন্যতম বড় সাজা বলে জানা গেছে।

দক্ষিণ ত্রিপুরা জেলার স্পেশাল দায়রা জজ গোবিন্দ দাস শুক্রবার এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি ও মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১২ এপ্রিল। পিআর বাড়ি থানার অন্তর্গত রাধানগর জহরটিলা এলাকার বাসিন্দা কেশব লাল দাস কাঁধে একটি বস্তা নিয়ে ঘোষখামার থেকে রাধানগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিআর বাড়ি থানার পুলিশ তাকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়।

ঘটনার পর এসআই নির্মল দেববর্মা ঘটনার বিবরণ দিয়ে পিআর বাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১৫/২৫ নম্বরে নথিভুক্ত হয় এবং ভারতীয় এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি)/২৯ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন এসআই সুজিত সরকার। পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে এসআই শিশু কুমার দেববর্মা তদন্তের দায়িত্ব নেন এবং আদালতে চার্জশিট পেশ করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শুক্রবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে। মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য

আদালতের এই রায়ে পুলিশ প্রশাসনের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, মাদক সংক্রান্ত মামলায় এমন কঠোর সাজা মাদক পাচার ও ব্যবসার সঙ্গে যুক্তদের কাছে কড়া বার্তা দেবে।

You may also like

Leave a Comment