Home ত্রিপুরারাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে রাখিবন্ধন উদযাপন ত্রিপুরার পড়ুয়াদের, রাষ্ট্রপতি ভবনে

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে রাখিবন্ধন উদযাপন ত্রিপুরার পড়ুয়াদের, রাষ্ট্রপতি ভবনে

by Debasish
0 comments 13 views

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে ত্রিপুরার পড়ুয়াদের সঙ্গে বিশেষ সময় কাটালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উঠে আসে রাজ্যের সংস্কৃতি, সৃজনশীলতা ও ঐতিহ্যের নানা দিক।

এদিন নেতাজিনগর ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের চার পড়ুয়া—পঞ্চম শ্রেণির মেহেরেসিয়া সরকার এবং ষষ্ঠ শ্রেণির অমিত কুমার সরকার, রিকে দেব ও প্রতীক সরকার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে অংশ নেয়। তাঁদের সঙ্গে ছিলেন শিক্ষক বিপ্লব কুমার দেব ও বিশ্বজিৎ ভৌমিক এবং নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি।

ত্রিপুরার প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রাজ্যের ঐতিহ্যের প্রতীক হিসেবে বাঁশ দিয়ে তৈরি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি, হাতে তৈরি রাখি, একটি শুভেচ্ছা কার্ড এবং উদয়পুরের CWSN পড়ুয়া প্রলয় দে-র আঁকা রাষ্ট্রপতি মুর্মুর পেন্সিল স্কেচ তুলে দেওয়া হয়।

পড়ুয়াদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি ত্রিপুরা সম্পর্কে তাঁদের কাছে জানতে চান এবং তাঁদের একটি গান পরিবেশনের জন্য উৎসাহিত করেন। পড়ুয়াদের গান পরিবেশনা রাষ্ট্রপতির প্রশংসা কুড়ায়। বিশেষভাবে পড়ুয়াদের হাতে তৈরি রাখি দেখে তিনি মুগ্ধ হন এবং মেহেরেসিয়া সরকারের হাতে নিজেই একটি রাখি পরিয়ে দেন।

রাষ্ট্রপতি ভবনে এদিন ত্রিপুরার পড়ুয়া ও শিক্ষকরা একটি বিশেষ পরিদর্শনের সুযোগও পান। তাঁদের রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হল, বিভিন্ন বৈঠক কক্ষ এবং সেই কক্ষগুলি ঘুরিয়ে দেখানো হয়, যেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনের নির্মাণ ও ইতিহাস সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের উদ্যানগুলিও ঘুরে দেখেন তাঁরা।

রাখিবন্ধনের এই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও রাষ্ট্রপতি ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে ত্রিপুরার পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। রাজ্যের সংস্কৃতি ও সৃজনশীলতাকে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে তুলে ধরার এই সুযোগ পড়ুয়াদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Comment