Home আগরতলাএসআইআর বাতিলের দাবিতে ৩০ অক্টোবর আগরতলায় বিরোধীদের শক্তি প্রদর্শন, সিইও দফতরে জমা পড়বে দাবিপত্র

এসআইআর বাতিলের দাবিতে ৩০ অক্টোবর আগরতলায় বিরোধীদের শক্তি প্রদর্শন, সিইও দফতরে জমা পড়বে দাবিপত্র

by Debasish
0 comments 8 views

আগরতলা, ২৪ অক্টোবর: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার বিরোধী দলগুলির জোট ইন্ডি। আগামী ৩০ অক্টোবর চার দফা দাবিকে সামনে রেখে আগরতলায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন জোটের নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।

শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস, সিপিআই(এমএল), আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ অক্টোবর সকাল ১১টায় আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত হবেন বিরোধী দলের নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্দেশে এগিয়ে যাবেন তাঁরা। পরে সংশ্লিষ্ট দফতরে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিরোধী জোটের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণ। পাশাপাশি ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখা, নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়েও সরব হয়েছে জোট।

বিরোধী দলগুলির বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলিকে সামনে রেখেই ৩০ অক্টোবরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

You may also like

Leave a Comment