উদয়পুর প্রতিনিধি: শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, যুব সমাজের দায়িত্ব এবং নতুন প্রজন্মের ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে উদয়পুরে অনুষ্ঠিত হলো ‘যুব সংবাদ ২০২৬’ কর্মসূচি। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের উদ্যোগে মহাবিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুধন দেবনাথ, শিক্ষক কাউন্সিলের সচিব ড. পার্থ সারথি দেবরায়, সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেবের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। এই পর্বে ছাত্রছাত্রীরা শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা এবং দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিপ্লব কুমার দেব ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ইতিবাচক মানসিকতা, কঠোর পরিশ্রম এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তাও।
বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব যুব সমাজকে দেশের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। আগামী দিনের ভারত গঠনে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা অর্জনের পাশাপাশি প্রযুক্তি, দক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সাংসদ।
এদিনের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গান নিয়েও বিশেষ আলোচনা করেন বিপ্লব কুমার দেব। দেশের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং দেশাত্মবোধের সঙ্গে এই গানের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব দেন তিনি।
“তরুণরাই আগামী ভারতের শক্তি: ‘যুব সংবাদ ২০২৬’-এ শিক্ষার্থীদের মুখোমুখি বিপ্লব দেব”
20