যুব থেকে সংখ্যালঘু মোর্চা—বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে অভিজ্ঞ নেতৃত্ব, ঘোষণা প্রদেশ বিজেপির
আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দলের বিভিন্ন মোর্চার জন্য নতুন প্রভারী নিয়োগ করা হয়েছে। মোট সাতটি মোর্চার সাংগঠনিক দায়িত্বে সাতজন সিনিয়র দলীয় কর্মীকে নিযুক্ত করা হয়েছে। ৩১ আগস্ট ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, যুব মোর্চার প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্য সহ-সভাপতি অমিত রক্ষিত। মহিলা মোর্চার প্রভারী করা হয়েছে রাজ্য সহ-সভাপতি অজন্তা ভট্টাচার্যকে।
অন্যদিকে, SC মোর্চার প্রভারী হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তুতন দাস। ST মোর্চার প্রভারী করা হয়েছে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে।
এছাড়াও OBC মোর্চার প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্য সম্পাদক মিমি মজুমদার। কিষান মোর্চার প্রভারী নিযুক্ত হয়েছেন রাজ্য সম্পাদক কমল দে। পাশাপাশি সংখ্যালঘু মোর্চার প্রভারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন জেলা সহ-সভাপতি আশিস পালকে।
দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নেতারা নিজ নিজ মোর্চার সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় সাধন করবেন। একইসঙ্গে মোর্চাগুলির সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে দল।