বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে পরপর পড়ুয়া অসুস্থ, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ অভিভাবকদের
বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। বুধবার দুপুরে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে। জানা গেছে, এদিন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে কয়েকজন সংজ্ঞা হারিয়ে ফেলে বলেও জানা যায়।
অভিভাবকদের অভিযোগ, পরপর পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়লেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। পরে অসুস্থ পড়ুয়াদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারাও হাসপাতালে পৌঁছন। ঘটনায় শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন অভিভাবক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট ১৩ জন পড়ুয়াকে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ১২ জন ছাত্রী। অসুস্থ পড়ুয়াদের প্রত্যেকেই সপ্তম শ্রেণির বলে জানা গেছে। তাঁদের মধ্যে শ্বাসকষ্ট, হাত-পা খিঁচে যাওয়া, বুক জ্বালাপোড়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে বলে জানা যায়। বর্তমানে তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, একই বিদ্যালয়ে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এর আগেও ঘটেছিল বলে জানা গেছে। ফলে বুধবার ফের একই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। ঠিক কী কারণে এতজন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল, তা নিয়ে স্পষ্ট উত্তর এখনও মেলেনি।
ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহকুমা শাসক এবং জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিদ্যালয় ও হাসপাতালে পৌঁছন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
এদিকে, একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরের ভূমিকার দিকেও নজর রয়েছে অভিভাবকদের।