কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: সোমবারের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন ঊনকোটি জেলায়। ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে প্রশাসনের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তাবাহিনীও তৎপর। রবিবার সকাল থেকেই স্ট্রং রুম থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা।
ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের চিনিবাগান হাই স্কুলে রাখা স্ট্রং রুম থেকেই এদিন বিভিন্ন দলের ভোটকর্মীদের নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে পাঠানো হয়। প্রয়োজনীয় ভোটসামগ্রী বুঝে নিয়ে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা হন তাঁরা।
নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক রুঘুল এ (আইপিএস) জানান, মহকুমার সাতটি ভিলেজ কাউন্সিলের অন্তর্গত মোট ২২টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ভোটের আগে এবং ভোটগ্রহণ চলাকালীন পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে ভোটকর্মীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভোটগ্রহণ শেষে তাঁদের ও নির্বাচনী সামগ্রী নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের একদিন আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঊনকোটির স্পর্শকাতর এলাকাগুলি। সোমবার শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।