আগরতলা, ৭ অক্টোবর: আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর, সমন্বিত এবং কার্যকর পদক্ষেপের আহ্বান জানাল ভারত। রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে ভারতের জাতীয় বক্তব্য পেশ করতে গিয়ে এই দাবি তুলে ধরেন ত্রিপুরার লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।
‘Measures to Eliminate International Terrorism’ বিষয়ক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি স্পষ্ট—‘জিরো টলারেন্স’। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও একটি দেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

বিপ্লব দেবের বক্তব্য, সন্ত্রাসবাদী সংগঠনগুলির পাশাপাশি তাদের আর্থিক নেটওয়ার্ক এবং যারা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় ও সহায়তা প্রদান করে, তাদের বিরুদ্ধেও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ধারাবাহিকভাবে দৃঢ় অবস্থান নিয়ে এসেছে। সন্ত্রাসবাদ নির্মূলে বিশ্বের সমস্ত দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থের জোগান বন্ধ করা, তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারীদের জবাবদিহির আওতায় আনার ওপর বিশেষ গুরুত্ব দেন বিপ্লব দেব।
রাষ্ট্রসংঘের মঞ্চে তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু কোনও একটি দেশের নিরাপত্তার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধ ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
ভারত একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান বিপ্লব দেব। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।