Home ত্রিপুরাকালীবাজারের ঘটনার প্রতিবাদে জিতেন্দ্র চৌধুরী, পুলিশের উপস্থিতি নিয়েই বড় প্রশ্ন

কালীবাজারের ঘটনার প্রতিবাদে জিতেন্দ্র চৌধুরী, পুলিশের উপস্থিতি নিয়েই বড় প্রশ্ন

by Debasish
0 comments 1 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার পরও কীভাবে ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় থানার ওসি উপস্থিত ছিলেন। পাশাপাশি সেখানে সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তাকর্মীর উপস্থিতিও ছিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর প্রশ্ন, এত নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল কীভাবে?

ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী রতন লাল নাথের হস্তক্ষেপ দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ টেনে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে ‘জিরো টলারেন্স’-এর পরিবর্তে ‘জিরো পারফরম্যান্স’ দেখা যাচ্ছে। নিজের ঘোষিত নীতির বাস্তবায়নে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন, সেদিকেও নজর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের একটি মন্তব্য নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তাঁকে ‘আবিষ্কার’ করার প্রসঙ্গ টেনে বিপ্লব কুমার দেবকে নিয়ে ‘ফোর জি’, ‘ফাইভ জি’ এবং ‘টেন জি’-এর রসিকতাও করেন তিনি।

You may also like

Leave a Comment