বিশালগড়, ১৫ সেপ্টেম্বর: মঙ্গলবার বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই যুবক। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাইপাস সড়ক দিয়ে বাইকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান দুই যুবক। দুর্ঘটনা দেখতে পেয়ে পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশও হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।