আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংগঠনিক পরিচয় পর্ব। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে পরিচিত হন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, ভাইস প্রেসিডেন্টসহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন রাজ্য সভাপতি। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল স্তরে মহিলা মোর্চার ভূমিকা আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দলীয় নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রাজ্যের মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল ও জেলা স্তর পর্যন্ত মহিলা মোর্চার কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের আরও বেশি সংখ্যায় সংগঠনের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেওয়া হবে বলে জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপির বিভিন্ন কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সেই সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে মহিলা মোর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা মোর্চার সাংগঠনিক প্রস্তুতিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতৃত্বের আশা, নতুন টিমের সক্রিয় ভূমিকার মাধ্যমে বুথ স্তর পর্যন্ত সংগঠন আরও মজবুত হবে এবং নির্বাচনী রাজনীতিতেও মহিলা মোর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিনের পরিচয় পর্বকে ঘিরে নবনিযুক্ত পদাধিকারী ও কর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়েই অনুষ্ঠান শেষ হয়।