বড়দোয়ালি এলাকায় দুর্ঘটনা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না ঋদ্ধি পালকে
ধর্মনগর, ৩ সেপ্টেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের বড়দোয়ালি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত শিশুর নাম ঋদ্ধি পাল। সে বড়দোয়ালি এলাকার বাসিন্দা রূপন পালের মেয়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ বড়দোয়ালি এলাকায় একটি টুকটুক (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই টুকটুকে থাকা ঋদ্ধি গুরুতরভাবে আহত হয়।
দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে হলিক্রস স্কুলের সামনে নিয়ে আসা হয়। খবর পেয়ে দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি ওমনি গাড়িতে করে শিশুটিকে রাস্তার পাশে নিয়ে আসা হয়েছিল। পরে সেখান থেকে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ঋদ্ধিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার নাক ও মুখ দিয়ে রক্তপাত হচ্ছিল এবং মাথার পিছনে গুরুতর আঘাত ছিল। চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা ও পুনরুজ্জীবন প্রক্রিয়া শুরু করলেও শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
হাসপাতালের এক চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, শিশুটির মাথার ত্বক ও খুলিতে গুরুতর আঘাতের পাশাপাশি মস্তিষ্কে আঘাতের আশঙ্কা ছিল। তবে সিটি স্ক্যান করার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রয়োজন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
মাত্র চার বছরের শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার ঘটনায় শোকাহত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।