Home আগরতলাঅ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ও AI-3D প্রযুক্তিনির্ভর ‘ট্যুরিজম মেটাভার্স’-এর উদ্বোধন করলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ও AI-3D প্রযুক্তিনির্ভর ‘ট্যুরিজম মেটাভার্স’-এর উদ্বোধন করলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

by Debasish
0 comments 4 views

Uber-সহ অ্যাপ ক্যাবের পরিষেবা এবার বিমানবন্দর ও রেলস্টেশনে, AI ও 3D প্রযুক্তিতে মিলবে ত্রিপুরা ভ্রমণের তথ্য ও কাস্টমাইজড ট্যুর প্ল্যান

আগরতলা, ৩ সেপ্টেম্বর: পরিবহন ও পর্যটন পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর চত্বরে আনুষ্ঠানিকভাবে চালু হল অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা, যার মধ্যে রয়েছে Uber পরিষেবাও। একইসঙ্গে পর্যটকদের সুবিধার্থে উদ্বোধন করা হয়েছে নতুন ‘ট্যুরিজম ইনফরমেশন সেন্টার’ এবং AI ও 3D প্রযুক্তিনির্ভর ‘ট্যুরিজম মেটাভার্স’।

পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এমবিবি বিমানবন্দর চত্বরে এই পরিষেবাগুলির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে আগরতলা ও যোগেন্দ্রনগর রেলস্টেশনকেও ভার্চুয়ালি যুক্ত করা হয়। ফলে রাজ্যের গুরুত্বপূর্ণ বিমান ও রেল যোগাযোগ কেন্দ্রগুলিতেও অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবার সূচনা হল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হল যাত্রী ও পর্যটকদের জন্য আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। এর পাশাপাশি পর্যটনবান্ধব ও আধুনিক রাজ্য হিসেবে ত্রিপুরার ভাবমূর্তি আরও শক্তিশালী করাও সরকারের অন্যতম লক্ষ্য।

প্রিপেইড অটোচালকদের উদ্দেশে মন্ত্রী আবেদন জানান, তাঁরা যেন অ্যাপ-ভিত্তিক পরিষেবাকে নিজেদের জীবিকার জন্য হুমকি হিসেবে না দেখেন। বরং Uber প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, অ্যাপ ক্যাব এবং প্রিপেইড—উভয় পরিষেবাই সরকারের অনুমোদিত ভাড়ার কাঠামো অনুযায়ী পরিচালিত হবে। ফলে যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবহনের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ পাবেন।

মন্ত্রী জানান, প্রায় দুই বছর ধরে আলোচনা ও পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন এমবিবি বিমানবন্দর দিয়ে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ যাত্রী যাতায়াত করেন। আগরতলা ও যোগেন্দ্রনগর রেলস্টেশন মিলিয়েও প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত রয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার জরুরি বলে জানান তিনি।

পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের পর প্রথম অভিজ্ঞতার বিষয়টিও তুলে ধরেন সুশান্ত চৌধুরী। তাঁর বক্তব্য, বিমানবন্দরকে আধুনিক করে তোলার পাশাপাশি বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছনোর সহজ ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা না থাকলে পর্যটকদের মনে রাজ্য সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

AI-3D প্রযুক্তিতে ‘ট্যুরিজম মেটাভার্স’

অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ট্যুরিজম মেটাভার্স’। AI ও 3D প্রযুক্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মে পর্যটকরা ত্রিপুরার বিভিন্ন পর্যটনকেন্দ্র, থাকার ব্যবস্থা, খাবার, দূরত্ব এবং ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে পারবেন।

QR কোড স্ক্যান করেই এই প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। এমনকি পর্যটকরা নিজেদের সময় ও পছন্দ অনুযায়ী কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনাও তৈরি করতে পারবেন। যেমন, ত্রিপুরায় তিন দিনের একটি ট্যুরের পরিকল্পনাও প্রযুক্তির সাহায্যে তৈরি করা যাবে।

এদিকে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার বিষয়েও মন্ত্রী বক্তব্য রাখেন। শহরের অটো এবং বাইরের এলাকার অটোকে আলাদা করে চিহ্নিত করতে গোলাপি রঙের অটো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ অটোতে এই রং করা হয়েছে বলে জানান তিনি।

যানবাহনের সংখ্যা ও যানজট বৃদ্ধির কথা মাথায় রেখে আগরতলা শহরের মধ্যে নতুন অটো পারমিট ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে পরিবহনকর্মীদের যাত্রী পরিষেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও ব্যবস্থার সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে ত্রিপুরাকেও এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করে সুশান্ত চৌধুরী পরিবহনকর্মীদের আশ্বস্ত করেন যে, নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এছাড়াও দুর্গাপুজোর আগে পরিবহনকর্মীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে পরিবহন ও পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিক, বিমানবন্দর কর্তৃপক্ষ, পরিবহনকর্মী এবং নতুন অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment