Home ত্রিপুরাবাংলাদেশ সীমান্তে ৮০৫.৯৯ কিমি কাঁটাতারের বেড়া সম্পূর্ণ, এখনও বাকি প্রায় ৫০ কিমি

বাংলাদেশ সীমান্তে ৮০৫.৯৯ কিমি কাঁটাতারের বেড়া সম্পূর্ণ, এখনও বাকি প্রায় ৫০ কিমি

by Debasish
0 comments 1 views

বেলোনিয়া থেকে সোনামুড়া, কাঞ্চনপুর থেকে ধলাই—বিভিন্ন এলাকায় অসম্পূর্ণ সীমান্ত বেড়া; দ্রুত কাজ শেষ করতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে রাজ্য

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অনেকটাই এগোলেও এখনও প্রায় ৫০ কিলোমিটার অংশে কাজ সম্পূর্ণ হয়নি। রাজ্যের মোট ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও পর্যন্ত ৮০৫.৯৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে।

ত্রিপুরা বিধানসভায় তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সীমান্ত বেড়া নির্মাণের বর্তমান পরিস্থিতি, কোন কোন এলাকায় কাজ বাকি রয়েছে এবং অসম্পূর্ণ অংশের কাজ দ্রুত শেষ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—তা জানতে চেয়েছিলেন বিধায়ক।

স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় এখনও বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া, ধলাই জেলার লংথরাই ভ্যালি, কমলপুর, আমবাসা ও গণ্ডাছড়া, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর, খোয়াই এবং সিপাহিজলা জেলার সোনামুড়া

বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে বলে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রয়োজনীয় হস্তক্ষেপ করে অসম্পূর্ণ অংশের কাজ দ্রুত শেষ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে।

তবে সীমান্ত বেড়া নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু বাস্তব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে দপ্তর। দুর্গম ও উঁচু-নিচু ভূপ্রকৃতি, বেড়া নির্মাণের নির্ধারিত পথে নদী ও ছোট জলধারার উপস্থিতি, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (Border Guard Bangladesh)-র পক্ষ থেকে আপত্তি এবং নির্মাণকারী সংস্থাগুলির কাজে বিলম্ব—এই কারণগুলির ফলে বেশ কিছু এলাকায় কাজ ধীরগতিতে এগিয়েছে।

রাজ্যের প্রায় পুরো আন্তর্জাতিক সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন হলেও বাকি প্রায় ৫০ কিলোমিটার অংশ সীমান্ত নজরদারি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অসম্পূর্ণ অংশগুলিতে দ্রুত বেড়া নির্মাণ শেষ করে সীমান্ত নিরাপত্তা ও নজরদারি আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে।

You may also like

Leave a Comment