১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড; POCSO আদালতের কড়া রায়
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার একটি বেসরকারি স্কুলের হোস্টেলে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের মামলায় তৎকালীন হোস্টেল ওয়ার্ডেন উদয় কুমার রিয়াংকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল ধর্মনগর বিশেষ POCSO আদালত। পাশাপাশি আদালত অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান, ২০২২ সালের ২১ নভেম্বর কাঞ্চনপুর থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার পূর্ববর্তী প্রায় দুই মাস ধরে অভিযুক্ত হোস্টেল ওয়ার্ডেন নাবালিকাকে হোস্টেলের রান্নাঘর ও নিজের ঘরে ডেকে নিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন।
মামলার তদন্ত শুরু হওয়ার পর তদন্তকারী আধিকারিক সঞ্জিত ত্রিপুরা প্রায় তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেন। পরবর্তীতে মামলাটি ধর্মনগর বিশেষ POCSO আদালতে স্থানান্তরিত হয়।
দীর্ঘ শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী মোট ১৬ জন সাক্ষীকে আদালতে হাজির করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনার পর চূড়ান্ত শুনানি শেষে বিচারক সুদীপ্ত চৌধুরী অভিযুক্ত উদয় কুমার রিয়াংকে দোষী সাব্যস্ত করেন।
শনিবার সাজা ঘোষণার সময় POCSO আইনের ৪ নম্বর ধারায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় আরও ৩ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। তবে এই অতিরিক্ত সাজা মূল কারাদণ্ডের সঙ্গেই কার্যকর হবে।
সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা বলেন, আদালতের এই কঠোর রায় শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তাঁর মতে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি অপরাধীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও সহায়ক হবে।