আগরতলা, ২৭ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিশেষ সুযোগ পেতে চলেছে ত্রিপুরার চার স্কুল পড়ুয়া। আগামী ২৮ আগস্ট নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও রাখিবন্ধন অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিম ত্রিপুরা জেলার চার পড়ুয়া ও দুই শিক্ষককে মনোনীত করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতর।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের ৩১ জুলাইয়ের যোগাযোগের পর এই উদ্যোগ নেওয়া হয়। রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে ১৭ আগস্ট মনোনীত প্রতিনিধি দলের তালিকা মন্ত্রককে জানানো হয়।
জানা গেছে, পশ্চিম ত্রিপুরার জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী মোট ছয়জনের দল গঠন করা হয়েছে। দলের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন প্রাথমিক শিক্ষা দফতরের নোডাল অফিসার/ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি।
মনোনীত চার পড়ুয়া হল মেহেরেসিয়া সরকার, প্রতীক সরকার, রিকে দেব এবং অমিত কুমার সরকার। তাঁরা পশ্চিম ত্রিপুরার নেতাজিনগর ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়া। তাঁদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে। বিভিন্ন সামাজিক ও আর্থিক শ্রেণির প্রতিনিধিত্বকারী পড়ুয়াদের এই বিশেষ সফরের জন্য বেছে নেওয়া হয়েছে।
হাপানিয়া, সবুজপল্লি, সিংহেমুড়া, চারিপাড়া, মাতৃপল্লি এবং শীতলাতলা-সহ পশ্চিম ত্রিপুরার বিভিন্ন এলাকার সঙ্গে এই পড়ুয়াদের যোগ রয়েছে।
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে এই সফর পড়ুয়াদের জন্য স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে উঠবে। সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে ত্রিপুরা ভবন, দিল্লি ও কলকাতার সংশ্লিষ্ট আধিকারিকসহ শিক্ষা দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।