আগরতলা, ২৭ আগস্ট: মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে (এমবিবি) নিরাপত্তা তল্লাশির সময় চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে থাকা এক ভারতীয় নাগরিককে আটক করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)। ভারতীয় নাগরিকটি ওই চারজনকে যাতায়াতে সহায়তা করছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
CISF সূত্রে জানা গেছে, বিমানবন্দরে নিয়মিত নজরদারির সময় পাঁচ যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয় নিরাপত্তারক্ষীদের। এরপর তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সহযোগিতায় চলে বিস্তারিত পরিচয় যাচাই।
যাচাইয়ের পর পাঁচজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে জানা যায়। তিনি বাকি চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে যাতায়াতে সহায়তা করছিলেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, পাঁচজনেরই আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E 6097 বিমানে যাওয়ার কথা ছিল। কলকাতা থেকে তাঁদের মধ্যে তিনজনের দিল্লিগামী 6E 6183 বিমানে এবং অপর একজনের বেঙ্গালুরুগামী 6E 757 বিমানে যাওয়ার পরিকল্পনা ছিল।
প্রাথমিক যাচাইয়ের পর পাঁচজনকেই পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার রাখতে CISF-এর পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও পরিচয় যাচাই অব্যাহত রয়েছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে CISF।