রাজ্যের বিভিন্ন জেলায় ১১টি দুর্ঘটনা, পশ্চিম ত্রিপুরা ও ঊনকোটি জেলায় সর্বাধিক ঘটনা
আগরতলা, ২২ অক্টোবর: দুর্গাপুজোর উৎসবের মরশুমেও পথ দুর্ঘটনা পিছু ছাড়ল না ত্রিপুরায়। ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। আহত হয়েছেন আরও ২৩ জন। ত্রিপুরা পুলিশের প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে রাজ্যে মোট ১১টি পথ দুর্ঘটনার মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪টি দুর্ঘটনা প্রাণঘাতী এবং ৭টি অপ্রাণঘাতী।
পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম ত্রিপুরা ও ঊনকোটি জেলায় সর্বাধিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। দুই জেলাতেই তিনটি করে দুর্ঘটনা ঘটেছে। পশ্চিম ত্রিপুরায় একটি প্রাণঘাতী ও দুটি অপ্রাণঘাতী দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৭ জন। অন্যদিকে, ঊনকোটি জেলায় একটি প্রাণঘাতী ও দুটি অপ্রাণঘাতী দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪ জন।
সিপাহিজলা জেলায় দুটি অপ্রাণঘাতী দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। উত্তর ত্রিপুরায় একটি অপ্রাণঘাতী দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। গোমতী জেলায় একটি প্রাণঘাতী দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২ জন। ধলাই জেলাতেও একটি প্রাণঘাতী দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও একজন।
তবে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, পর্যালোচনাধীন সময়ে খোয়াই ও দক্ষিণ ত্রিপুরা জেলায় কোনও পথ দুর্ঘটনার খবর নথিভুক্ত হয়নি।
দুর্গাপুজোর আনন্দ-উৎসবের মধ্যেই এই দুর্ঘটনার পরিসংখ্যান রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বাড়িয়েছে। উৎসবের সময় যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় চালকদের আরও সতর্ক থাকা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার গুরুত্ব আবারও সামনে উঠে এসেছে।