সীমান্ত ও পাহাড়ি এলাকায় বাড়াতে হবে টাওয়ার, নিরাপত্তার স্বার্থেও জরুরি নিজস্ব নেটওয়ার্ক
আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় BSNL-এর নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করা এবং বিশেষ করে সীমান্ত ও পাহাড়ি এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানালেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। পাশাপাশি রাজ্যে ৫জি পরিষেবার অগ্রগতি কেন প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।
শনিবার আগরতলার কামান চৌমুহনীস্থিত BSNL-এর সদর দফতরে আয়োজিত টেলিকম অ্যাডভাইজরি কমিটি (TAC)-এর বৈঠকের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন বিপ্লব কুমার দেব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ BSNL-এর উচ্চপদস্থ আধিকারিকরা।

বিপ্লব কুমার দেব জানান, আগের বৈঠকে উত্থাপিত বিভিন্ন বিষয় কতটা বাস্তবায়িত হয়েছে, সেই বিষয়গুলি পর্যালোচনা করা হবে। পাশাপাশি BSNL-এর পরিকাঠামো, গ্রাহক পরিষেবা, কর্মসংস্থান এবং নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হবে। কোথায় কী সমস্যা রয়েছে এবং তার সম্ভাব্য সমাধান কী হতে পারে, তাও বৈঠকে চিহ্নিত করার কথা জানান তিনি।
ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিতে নেটওয়ার্ক সমস্যার প্রসঙ্গ তুলে সাংসদ বলেন, রাজ্যের বিস্তীর্ণ অংশ আন্তর্জাতিক সীমান্তবর্তী হওয়ায় বেশ কিছু এলাকায় মোবাইল যোগাযোগ এখনও সমস্যার মুখে পড়ে। তাঁর দাবি, অনেক সময় ভারতীয় SIM কয়েক কিলোমিটার পর্যন্ত কাজ করে না। সীমান্তবর্তী এলাকায় আরও বেশি মোবাইল টাওয়ার স্থাপন করা হলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব বলে মত তাঁর।
সীমান্ত এলাকায় নিজস্ব ভারতীয় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করার বিষয়টিকে নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। তাঁর বক্তব্য, ভারতীয় নেটওয়ার্কের পরিবর্তে প্রতিবেশী দেশের মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল যদি দেশের অভ্যন্তরে অনেকটা দূর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তা নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে। তাই সীমান্ত এলাকায় BSNL-সহ ভারতীয় টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
এছাড়া তদন্তের প্রয়োজনে ভারতীয় টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে কল রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলির কাছে পাওয়া সহজ হতে পারে বলেও উল্লেখ করেন সাংসদ।

উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক রোমিং সংক্রান্ত অতীতের বিধিনিষেধের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বিপ্লব কুমার দেব জানান, একসময় জঙ্গি কার্যকলাপের আশঙ্কায় এই ধরনের কিছু বিধিনিষেধ চালু করা হয়েছিল। পরবর্তীতে সেগুলি তুলে নেওয়া হলেও পরিবর্তন কার্যকর করতে কিছুটা সময় লেগেছিল। বর্তমানে বিষয়টি সমাধান হয়েছে বলেও জানান তিনি।
প্রযুক্তিগত উন্নয়নের প্রসঙ্গে সাংসদ বলেন, BSNL ইতিমধ্যেই ৪জি নেটওয়ার্কের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে ত্রিপুরায় ৫জি পরিষেবা এখনও প্রত্যাশিত গতি পায়নি কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর বক্তব্য, বর্তমানে রাজ্যে ৪জি পরিষেবাই প্রধানত ব্যবহৃত হচ্ছে। তাই ৫জি পরিষেবা কার্যকরভাবে সম্প্রসারণের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, TAC বৈঠকে সেই বিষয়টিও তিনি জানতে চান।
এই বৈঠকের মাধ্যমে পূর্বে উত্থাপিত বিষয়গুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি যেসব বিষয় কেন্দ্রীয় সরকারের নজরে আনা প্রয়োজন, সেগুলিও চিহ্নিত করা হবে বলে জানান পশ্চিম ত্রিপুরার সাংসদ।