স্থানীয় পণ্য ও ভাষার প্রসারে জোর, ‘মাটির ছেলে’ হয়ে রাজ্যের জন্য কাজ করার অঙ্গীকার
আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর নিজের রাজ্যে ফিরলেন ত্রিপুরার সন্তান তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন এয়ারপোর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। নিজের কর্মজীবনের গুরুত্বপূর্ণ একটি সময় আগরতলা বিমানবন্দরের সঙ্গে কাটানো শেখর দেববর্মার প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
আগরতলা বিমানবন্দরে এক মতবিনিময় অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শেখর দেববর্মা বলেন, ত্রিপুরার সঙ্গে তাঁর গভীর আবেগের সম্পর্ক রয়েছে। এই মাটিতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তাই ফের নিজের রাজ্যে ফিরে এসে বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ তাঁর কাছে অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। নিজেকে তিনি ‘মাটির ছেলে’ বলেও উল্লেখ করেন।
শেখর দেববর্মার দীর্ঘ বিমান পরিষেবা ক্ষেত্রে কর্মজীবন। ১৯৯৫ সালে কলকাতায় ATC ম্যানেজার হিসেবে বিমান পরিষেবা ক্ষেত্রে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে আগরতলা ও গুয়াহাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় আগরতলা বিমানবন্দরের এয়ারপোর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন শেখর দেববর্মা। পরবর্তীতে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দিল্লি ও কলকাতা বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। এরপর তাঁর কর্মস্থল হয় আহমেদাবাদ।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর আগরতলা ছেড়েছিলেন তিনি। প্রায় দুই বছর পর ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর ফের ত্রিপুরায় ফিরে এসে আগরতলা বিমানবন্দরের এয়ারপোর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন।
নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে শেখর দেববর্মা জানান, ত্রিপুরায় জন্ম ও বেড়ে ওঠার কারণে নতুন দায়িত্ব তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যের মানুষের স্বার্থে কাজ করার পাশাপাশি আগরতলা বিমানবন্দরের উন্নয়ন ও পরিষেবা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।
বিমানবন্দরে স্থানীয় পণ্য ও স্থানীয় ভাষার প্রসারের উপরও বিশেষ গুরুত্ব দেন নতুন এয়ারপোর্ট ডিরেক্টর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ ভাবনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগরতলা বিমানবন্দরে স্থানীয় পণ্য এবং স্থানীয় ভাষাকে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি, ভাষা ও স্থানীয় উৎপাদনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
দীর্ঘদিন আগরতলা বিমানবন্দরের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে শেখর দেববর্মার। ফলে তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।