আগরতলা, ২১ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাবতলী এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করল পুলিশ। ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া পোশাক ও দুটি গাড়ির আনুমানিক মোট মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ গাবতলী এলাকায় গাড়ি তল্লাশি চালাচ্ছিলেন পিআর বাড়ি থানার এসআই প্রসেনজিৎ গোপ, এসআই রূপসাধন জমাতিয়া ও অন্যান্য পুলিশ কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন ৪৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর সিদ্ধিনগর বিওপির জওয়ানরাও।
তল্লাশির সময় নিহারনগরের দিক থেকে সিদ্ধিনগরের দিকে আসা দুটি গাড়ি পুলিশের নজরে পড়ে। গাড়ি দুটির নম্বর TR08-D-0635 (অল্টো) এবং TR08-A-0665 (সেলেরিও)। পুলিশ গাড়ি দুটিকে থামার সংকেত দিলেও চালকরা নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ও বিএসএফ সদস্যরা গাড়ি দুটির পিছু নেয়।
কিছুক্ষণ পর একটি নির্জন এলাকায় গাড়ি দুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৬টি বান্ডিলে প্রায় ৬০০টি শাড়ি ও অন্যান্য পোশাক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। পাশাপাশি দুটি গাড়ির আনুমানিক মূল্যও প্রায় ৮ লক্ষ টাকা বলে জানা গেছে।
তবে অন্ধকারের সুযোগ নিয়ে দুই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পোশাক এবং দুটি গাড়ি BNSS-এর ১০৬ ধারায় জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া পোশাক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।