Home আগরতলাঅস্থায়ী বাজারে স্থায়ী শেড ও খুমুলুঙে ট্রাইবাল ইউনিভার্সিটি গড়ার দাবিতে TYF-এর ডেপুটেশন

অস্থায়ী বাজারে স্থায়ী শেড ও খুমুলুঙে ট্রাইবাল ইউনিভার্সিটি গড়ার দাবিতে TYF-এর ডেপুটেশন

by Debasish
0 comments 7 views

আগরতলা, ২১ আগস্ট: নন্দননগর, অভয়নগর, কাইপেং ও লেক চৌমুহনী বাজারের অস্থায়ী ব্যবসায়ীদের জন্য স্থায়ী শেড বা মার্কেট স্টল নির্মাণ এবং খুমুলুঙে দ্রুত ট্রাইবাল ইউনিভার্সিটি গড়ে তোলার দাবিতে প্রশাসনের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম)-এর জনজাতি যুব সংগঠন ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (TYF)-এর কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নন্দননগর বাজার, অভয়নগর সবজি বাজার, কাইপেং বাজার ও লেক চৌমুহনী বাজারে বহু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অস্থায়ী পরিকাঠামোর মধ্যেই ব্যবসা করে আসছেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তাঁদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। ব্যবসায়ীদের নিরাপত্তা ও জীবিকার বিষয়টি বিবেচনা করে দ্রুত স্থায়ী শেড বা মার্কেট স্টল নির্মাণের দাবি জানিয়েছে TYF।

এদিন Tiprasa Hamari Bedek-এর ডিরেক্টরের কাছে প্রতিনিধিদলটি ডেপুটেশন প্রদান করে। সংগঠনের অভিযোগ, অস্থায়ী বাজারগুলিতে ব্যবসা পরিচালনার সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি, মাঝে মাঝে AMC টাস্ক ফোর্সের অমানবিক আচরণেরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ব্যবসায়ীদের সঙ্গে মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

ডেপুটেশনে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উঠে আসে খুমুলুঙে ট্রাইবাল ইউনিভার্সিটি দ্রুত প্রতিষ্ঠার বিষয়টি। TYF-এর দাবি, ২০২৪ সালে বিজেপি-টিপ্রা মথা প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর তরফে খুমুলুঙে একটি ট্রাইবাল ইউনিভার্সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

TYF-এর পক্ষ থেকে বলা হয়, জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে খুমুলুঙে ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই প্রতিশ্রুতি বাস্তবায়নে আর বিলম্ব না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

অস্থায়ী ব্যবসায়ীদের স্থায়ী পরিকাঠামো প্রদান, ব্যবসায়ীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং খুমুলুঙে ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাসহ একাধিক জনস্বার্থমূলক দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে TYF কেন্দ্রীয় কমিটি।

You may also like

Leave a Comment