আগরতলা, ২৭ অক্টোবর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে ত্রিপুরায় এখনও সেভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে না। উল্টে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হলে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী পার্থ রায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে এই অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণাবর্তটি সরাসরি ত্রিপুরাকে প্রভাবিত করার সম্ভাবনা না থাকলেও এর বাইরের বৃষ্টিবলয়ের প্রভাবে রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহিজলা ও উত্তর ত্রিপুরা জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৮ ও ২৯ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলার এক-দু’টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৮ অক্টোবর বিশাখাপত্তনমের কাছাকাছি ঘূর্ণাবর্ত-সম্পর্কিত আবহাওয়া ব্যবস্থাটি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে এই পরিস্থিতির জন্য ত্রিপুরায় আপাতত কোনও আবহাওয়াজনিত সতর্কতা জারি করা হয়নি। সম্ভাব্য বৃষ্টিপাতও সীমিত এলাকায় হালকা আকারেই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে, রাজ্যে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেখানে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি থাকছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়জাতীয় আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে এমন তাপমাত্রার পরিবর্তন দেখা যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ পার্থ রায়।