Home অপরাধআইজিএম হাসপাতালে রাতের অন্ধকারে মদের আসরের অভিযোগ

আইজিএম হাসপাতালে রাতের অন্ধকারে মদের আসরের অভিযোগ

by Debasish
0 comments 7 views

নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা ও হাতাহাতির অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রোগীদের নিরাপদ চিকিৎসার জন্য হাসপাতাল। অথচ সেই হাসপাতাল চত্বরেই রাতের অন্ধকারে মদ্যপানের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল আগরতলার আইজিএম হাসপাতাল।

অভিযোগ, শনিবার রাতে হাসপাতালের পাঁচতলার উপরের অংশে তিন-চারজন যুবক মদ্যপান করছিলেন। বিষয়টি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নজরে এলে তাঁরা যুবকদের সেখানে মদ্যপান করতে বাধা দেন বলে অভিযোগ। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়।

অভিযোগ, বচসা ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে।

এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের উঁচু তলায় বহিরাগতরা কীভাবে প্রবেশ করলেন, রাতের সময় নিরাপত্তা ও নজরদারি কতটা কার্যকর এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সিসিটিভি যথাযথভাবে কাজ করছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে রোগী, তাঁদের পরিজন, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তারক্ষী আক্রান্ত হওয়ার অভিযোগ সত্য হলে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment