Home আগরতলা“আগে প্রশ্ন জমা দিয়েও তালিকার শেষে কেন?”—বিধানসভায় সরব রঞ্জিত দেববর্মা, তদন্তের নির্দেশ অধ্যক্ষের

“আগে প্রশ্ন জমা দিয়েও তালিকার শেষে কেন?”—বিধানসভায় সরব রঞ্জিত দেববর্মা, তদন্তের নির্দেশ অধ্যক্ষের

by Debasish
0 comments 15 views

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় প্রশ্ন তালিকা নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে সোমবার সরব হলেন তিপরা মথা পার্টির (TMP) বিধায়করা। অধিবেশনের শেষ দিনে দলের প্রশ্নগুলি তালিকার শেষের দিকে রাখার অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানান তাঁরা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।

বিধানসভায় বিষয়টি উত্থাপন করে তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, দলের বিধায়করা নির্ধারিত সময়ের আগেই প্রশ্ন জমা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের প্রশ্নগুলি তালিকার একেবারে শেষের দিকে রাখা হয়েছে। ফলে তিন দিনের অধিবেশনে সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা বিধানসভায় তুলে ধরার সুযোগ তাঁরা পাননি বলে দাবি করেন তিনি।

রঞ্জিত দেববর্মা বলেন, “আমরা মনে করছি আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা অধিবেশন ছেড়ে বেরিয়ে যাব। অধ্যক্ষের প্রতি আমাদের আস্থা রয়েছে। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরা আমাদের দায়িত্ব। সেই সুযোগ আমরা পাচ্ছি না। বিষয়টি তদন্ত করা উচিত।”

তিনি আরও দাবি করেন, অধিবেশনের জন্য তিপরা মথার বিধায়করাই সবার আগে প্রশ্ন জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন তাঁদের প্রশ্নগুলি তালিকার শেষে রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিন দিন ধরে প্রশ্নগুলি উত্থাপনের সুযোগ না পাওয়ার বিষয়টিও বিধানসভায় তুলে ধরেন রঞ্জিত।

তিপরা মথার বিধায়ক বিশ্বজিৎ কলই এবং সঞ্জয় মানিক ত্রিপুরাও রঞ্জিত দেববর্মার বক্তব্যকে সমর্থন করেন। তাঁদের দাবি, অন্য কোনও বিধায়ক প্রশ্ন জমা দেওয়ার আগেই তাঁরা নিজেদের প্রশ্ন জমা দিয়েছিলেন। তাই তালিকায় তাঁদের প্রশ্নগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

তিপরা মথার বিধায়কদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁদের প্রশ্নগুলি তালিকার নিচের দিকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এই অভিযোগের প্রকৃত কারণ খুঁজে বের করতে তাঁরা তদন্তের দাবি জানান।

বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের আশ্বাসের পর বিষয়টি খতিয়ে দেখার সম্মতি দেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। প্রশ্ন তালিকা তৈরির ক্ষেত্রে কোনও অনিয়ম বা ভুল হয়েছে কি না, তা তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়।

You may also like

Leave a Comment