Home আগরতলাবিদ্যুতের বাড়তি খরচে স্বস্তি, ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী

বিদ্যুতের বাড়তি খরচে স্বস্তি, ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী

by Debasish
0 comments 5 views

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধির জেরে রাজ্যের সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ কমাতে ১০০ কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। তাঁর দাবি, বিদ্যুতের বাড়তি খরচের বোঝা যাতে সরাসরি সাধারণ মানুষের ওপর না পড়ে, সেদিকেই বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, দিল্লি থেকে ফিরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।

ড. মানিক সাহা বলেন, “আমাদের ভর্তুকি দিতে হবে—বিষয়টি বুঝতে পেরেই অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। গতকাল মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিদ্যুতের খরচ বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ ও আন্দোলন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সাধারণ মানুষ সমস্যার মুখে পড়লে প্রতিবাদ করার অধিকার রাখেন। মানুষের অসুবিধার বিষয়টি সরকারও উপলব্ধি করছে এবং সেই কারণেই দ্রুত আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা উত্তেজনার মতো আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব জ্বালানি বাজারে পড়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে বলে তিনি জানান।

রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেও মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বার্থে সরকার ১০০ কোটিরও বেশি টাকার ভর্তুকির ব্যবস্থা করেছে। এর ফলে বাড়তি বিদ্যুৎ খরচের চাপ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করছে প্রশাসন। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়লেও তার সম্পূর্ণ বোঝা যাতে সাধারণ ভোক্তাদের বহন করতে না হয়, সেই লক্ষ্যেই এই ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment