Home আগরতলাফিট ইন্ডিয়ার বার্তা নিয়ে আগরতলায় ‘সানডে অন সাইকেল’ র‍্যালি

ফিট ইন্ডিয়ার বার্তা নিয়ে আগরতলায় ‘সানডে অন সাইকেল’ র‍্যালি

by Debasish
0 comments 10 views

আগরতলা, ৩০ আগস্ট: সুস্থ ও সক্রিয় জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI)-এর উদ্যোগে এবং রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আগরতলায় অনুষ্ঠিত হলো ‘সানডে অন সাইকেল র‍্যালি’। রবিবার সকালে উজ্জয়ন্ত প্রাসাদ চত্বর থেকে শুরু হওয়া এই সাইকেল র‍্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাঁধারঘাটস্থিত স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডারলং, দপ্তরের সচিব তাপস রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ-সহ দপ্তরের আধিকারিক, ক্রীড়াপ্রেমী ও অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা। প্রতিদিনের ছোটখাটো কাজেও ব্যক্তিগত গাড়ি বা বাইকের পরিবর্তে সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সাইকেল ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন নিয়মিত শরীরচর্চা হয়, অন্যদিকে জ্বালানি খরচ কমানোর পাশাপাশি পরিবেশ দূষণও নিয়ন্ত্রণ করা সম্ভব। পেট্রোল ও ডিজেলের ওপর নির্ভরতা কমিয়ে সাইকেলকে দৈনন্দিন জীবনের অংশ করে তুললে অর্থ সাশ্রয়ের পাশাপাশি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করা হয়।

এদিন রাজ্যে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির বিষয়টিও তুলে ধরা হয়। বর্তমানে প্রতি বছর রাজ্যের প্রায় ২৩ থেকে ২৪ হাজার ছাত্রীকে সাইকেল প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে মোট এক লক্ষেরও বেশি সাইকেল বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে রাজ্যে প্রথমবারের মতো কিংবদন্তি হকি খেলোয়াড় তথা ‘হকি জাদুকর’ মেজর ধ্যানচাঁদের মূর্তি উন্মোচনের কথাও তুলে ধরা হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মূর্তি উন্মোচন অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদের সুপুত্র নিজে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

সাইকেল র‍্যালির মাধ্যমে একদিকে যেমন ফিট ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেওয়া হয়েছে, তেমনই পরিবেশ রক্ষা ও দৈনন্দিন জীবনে সাইকেলের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

You may also like

Leave a Comment