Home আগরতলানাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

by Debasish
0 comments 27 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খুদে শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ওই অডিওকে কেন্দ্র করে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে বিষয়টির সঠিক ব্যাখ্যা প্রকাশ্যে না এলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন মন্ত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে বিভিন্ন দাবি করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নেতিবাচক প্রচার থেকে তিনি সাধারণত দূরে থাকেন। তবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়া হলে তা অত্যন্ত দুঃখজনক।

প্রতিমা ভৌমিকের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের অবস্থান কিংবা অডিও ক্লিপে উত্থাপিত বিষয় সম্পর্কে তাঁর কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। তাঁর কোনো ফোনকল, নম্বর বা কথোপকথনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মনুশ্রীর চিকিৎসার জন্য সাধারণ মানুষের সহায়তার প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন, রাজ্যের মানুষ বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মনুশ্রীর চিকিৎসার জন্যও সাধারণ মানুষ সহানুভূতির সঙ্গে অর্থ সহায়তা করেছেন। কিন্তু এই ধরনের বিতর্ক ও বিভ্রান্তিকর প্রচার ভবিষ্যতে প্রকৃত অসহায় ও সাহায্যপ্রার্থী মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রতিমা ভৌমিক আরও জানান, শুরু থেকেই সংগৃহীত অর্থের স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দিয়ে এসেছিলেন তিনি। তাঁর নাম ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী।

তিনি বলেন, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে দ্রুত সঠিক ব্যাখ্যা এবং প্রকৃত তথ্য প্রকাশ করা প্রয়োজন। অন্যথায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment