Home ত্রিপুরা‘ঠাট্টার নামে অশ্লীলতা বরদাস্ত নয়’, ত্রিপুরার যুবককে জাতিগত হেনস্থার অভিযোগে সরব প্রদ্যোত

‘ঠাট্টার নামে অশ্লীলতা বরদাস্ত নয়’, ত্রিপুরার যুবককে জাতিগত হেনস্থার অভিযোগে সরব প্রদ্যোত

by Debasish
0 comments 3 views

দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনকে ত্রিপুরায় এনে জিজ্ঞাসাবাদের দাবি তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মার

আগরতলা, ২২ অক্টোবর : ত্রিপুরার এক যুবককে দিল্লিতে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য ও হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সরব হলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা। দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনকে ত্রিপুরায় এনে ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ঠাট্টা বা মজার অজুহাতে কোনওভাবেই অশালীন কিংবা জাতিগতভাবে অপমানজনক মন্তব্যকে সমর্থন করা যায় না।

প্রদ্যোত দেববর্মা জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এফআইআর দায়ের করেছেন। শুধু দিল্লির থানায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলেই হবে না, বরং ত্রিপুরায় এনে বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এই ধরনের ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের আচরণ করার সাহস না পায়।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট যুবককে ‘চাইনিজ’ ও ‘চিঙ্কি’ বলে সম্বোধন করার পাশাপাশি তাঁর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা হয় এবং মাইকেল জ্যাকসনের সঙ্গেও তুলনা করা হয়। এমনকী, ওই যুবকের সঙ্গে শারীরিকভাবে অনভিপ্রেত আচরণ করার অভিযোগও তুলেছেন প্রদ্যোত। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনও সামনে আসেনি।

অভিযুক্তের তরফে মন্তব্যগুলিকে মজা ও ভ্রাতৃত্বের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রদ্যোত। তবে এই যুক্তি মানতে নারাজ তিনি। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তি বা জনগোষ্ঠীকে অপমান করে সেই আচরণকে নিছক হাসি-ঠাট্টা বলে চালিয়ে দেওয়া যায় না।

প্রদ্যোত দেববর্মার কথায়, ত্রিপুরাকে নিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। এই ঘটনা শুধু তিপ্রাসা জনগোষ্ঠীর অসম্মান নয়, বরং সমগ্র ত্রিপুরাবাসীর সাংস্কৃতিক পরিচয় ও রাজ্যের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরীর প্রতিও অসম্মান বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকার ওই যুবকের সঙ্গে তাঁর কথা হয়েছে। যুবকটি যদি রাজ্যে ফিরে আসতে চান, তাহলে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন প্রদ্যোত।

You may also like

Leave a Comment