Home আগরতলামাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন বাড়াতে আরও উদ্যোগ প্রয়োজন: মন্ত্রী সুধাংশু দাস

মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন বাড়াতে আরও উদ্যোগ প্রয়োজন: মন্ত্রী সুধাংশু দাস

by Debasish
0 comments 1 views

খোয়াইয়ে প্রাণিসম্পদ, মৎস্য ও তফশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, নির্দিষ্ট সময়ে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ

খোয়াই, ৯ অক্টোবর: রাজ্যে মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দিলেন ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য এবং তফশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার খোয়াই জেলা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

২০২৬-২৭ অর্থবর্ষে সংশ্লিষ্ট তিনটি দপ্তরের অধীনে চলা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার এবং চলমান কাজের বাস্তবায়নের গতি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধাংশু দাস জানান, সরকারি প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের কাছে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাচ্ছে কি না, তা বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন দপ্তরের অধীনে গৃহীত উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকারের নিয়মিত পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে বছরে দু’বার প্রতিটি জেলায় এই ধরনের পর্যালোচনা বৈঠক করা হয়। এর মাধ্যমে আগের অর্থবর্ষে প্রকল্পের সাফল্য ও খামতিগুলি চিহ্নিত করার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

খোয়াই জেলার আর্থিক ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, মাছ, মাংস, ডিম এবং দুধের উৎপাদন বৃদ্ধির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্তমানে জেলায় এই পণ্যগুলির উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে কীভাবে উৎপাদন আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিভিন্ন মতামত এবং পরামর্শও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন আরও কার্যকর করা এবং সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।

এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি, বিধায়ক, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, জেলা স্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট তিনটি দপ্তরের পদস্থ প্রতিনিধিরা।

সরকারি প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রাজ্যের চাহিদা পূরণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উন্নয়ন ত্বরান্বিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে বৈঠক সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment