Home আগরতলা‘সেবা সংকল্প’ অভিযানে জনকল্যাণের অঙ্গীকার, তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার

‘সেবা সংকল্প’ অভিযানে জনকল্যাণের অঙ্গীকার, তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার

by Debasish
0 comments 5 views

আগরতলা, ৪ অক্টোবর। মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকারকে সামনে রেখে আগরতলার মুক্তধারায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার প্রদেশ বিজেপির তপশিলী জাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। শিবিরে মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগে রক্তদানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও উঠে আসে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’ শুধুমাত্র জন্মদিন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ ২৫ বছরের জনসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণে তাঁর অঙ্গীকারকে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ এটি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সুশাসন, জনসেবা এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের প্রসঙ্গ। তিনি বলেন, সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল পৌঁছে দেওয়াই জনকল্যাণমূলক প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

রক্তদানকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বিশেষভাবে তরুণ সমাজকে এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, স্বেচ্ছায় রক্তদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত ত্রিপুরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা।

You may also like

Leave a Comment