Home আগরতলারবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ

by Debasish
0 comments 40 views

আগরতলা, ৭ আগস্ট: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় কৃষিমন্ত্রী বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও মানবতার আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর যে আলোর প্রদীপ প্রজ্বলিত করেছিলেন, তার দীপ্তি আজও সমান উজ্জ্বল। তাঁর সৃষ্টি ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে চলেছে এবং মানবতার পথ দেখাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক এবং এই রাজ্যের প্রতি তাঁর অকৃত্রিম অনুরাগ ত্রিপুরার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন কেবল বাংলা ভাষার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং তা বিশ্বমানবতার চেতনাকে সমৃদ্ধ করেছে।

তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথের কলমে যেমন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তেমনি প্রেম, প্রকৃতি, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের চিরন্তন বাণীও সমানভাবে বিকশিত হয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ বদলালেও তাঁর চিন্তা, দর্শন ও সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।

কৃষিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম কবিগুরুর সাহিত্য, দর্শন ও সৃষ্টির আলো থেকে মানবিকতা, সৌন্দর্যবোধ এবং আত্মমর্যাদার অনিঃশেষ প্রেরণা লাভ করবে।

বার্তার শেষে রতন লাল নাথ বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ও আদর্শ যুগে যুগে বাঙালি সমাজ তথা সমগ্র মানবজাতির কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

You may also like

Leave a Comment