Home আগরতলাসুষ্ঠু ও সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

সুষ্ঠু ও সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

by Debasish
0 comments 1 views

আগরতলা, ৩ অক্টোবর।। রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিষেবার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ৭ অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ‘সেবা জ্যোতি যাত্রা’। এই কর্মসূচিকে সুষ্ঠু, সুপরিকল্পিত ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ প্রশাসন, আগরতলা পুর নিগম, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি, যুব বিষয়ক ও ক্রীড়া, নগর উন্নয়ন, পঞ্চায়েত, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, বন এবং সমাজকল্যাণ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘সেবা জ্যোতি যাত্রা’র মূল লক্ষ্য হলো জনসেবা, জনকল্যাণ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বার্তা সমাজের প্রান্তিক স্তরের মানুষের কাছেও পৌঁছে দেওয়া। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়, সঠিক পরিকল্পনা এবং দায়িত্বের যথাযথ বণ্টন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিকে জনমুখী করে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মানুষের পাশে থাকা এবং তাঁদের সার্বিক কল্যাণে কাজ করার যে অঙ্গীকার রাজ্য সরকার গ্রহণ করেছে, ‘সেবা জ্যোতি যাত্রা’ সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই এই কর্মসূচি সফল হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment