Home আগরতলাটেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে উত্তাল আগরতলা, জলকামান ও পুলিশি পদক্ষেপে উত্তেজনা

টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে উত্তাল আগরতলা, জলকামান ও পুলিশি পদক্ষেপে উত্তেজনা

by Debasish
0 comments 2 views

নিয়োগের দাবিতে শিক্ষাভবনে বিক্ষোভ, আন্দোলনকারীদের আটক করার অভিযোগ; দ্রুত নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর:
২০২৪ সালের TET-1 ও TET-2 পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল আগরতলা। বৃহস্পতিবার নিয়োগের দাবিতে একত্রিত হয়ে শিক্ষাভবনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন আগে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এখনও নিয়োগের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। তাই অবিলম্বে সমস্ত সফল প্রার্থীর একযোগে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

এদিন চাকরিপ্রার্থীরা JRBT বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁদের দাবি ও সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেন। আন্দোলনকারীদের বক্তব্য, নিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ করেও তাঁরা কার্যকর আলোচনার সুযোগ পাননি। মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গেও দেখা করার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে আলোচনার সুযোগ মেলেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আশায় অপেক্ষা করছেন। অথচ ২০২৬ সালও প্রায় শেষের দিকে, এখনও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সমস্ত যোগ্য প্রার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

এদিকে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে পুলিশ জলকামান ব্যবহার করে এবং বেশ কয়েকজনকে আটক করে। এক আন্দোলনকারীর অভিযোগ, পুলিশি পদক্ষেপের সময় কয়েকজন মহিলা বিক্ষোভকারী মাটিতে পড়ে যান এবং তাঁদের টেনে পুলিশি গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের আরও অভিযোগ, তাঁদের বিরুদ্ধে FIR ও মামলা করার হুমকিও দেওয়া হয়েছে।

এক আন্দোলনকারী বলেন, “আমরা TET পাশ করেছি। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছি। সরকারের কাছে আমাদের দাবি একটাই—কেন সমস্ত উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগ দেওয়া যাবে না, তার স্পষ্ট জবাব দেওয়া হোক।”

আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা কোনও সংঘাত চান না। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চান তাঁরা। তবে দ্রুত নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

You may also like

Leave a Comment