Home আগরতলা“সীমান্ত নিরাপত্তায় প্রশাসনের কড়া পদক্ষেপ—রাত ৮টার পর ৫০০ মিটার এলাকায় সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা”

“সীমান্ত নিরাপত্তায় প্রশাসনের কড়া পদক্ষেপ—রাত ৮টার পর ৫০০ মিটার এলাকায় সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা”

by Debasish
0 comments 1 views

আগরতলা, ২২ সেপ্টেম্বর: সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিম ত্রিপুরা জেলার সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় রাতে সাধারণ মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ জারি করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এবং তা ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

তবে জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক, আধাসামরিক ও রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা এই নির্দেশের আওতার বাইরে থাকবেন।

এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকদের কাছ থেকে বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাও নির্ধারিত বিধিনিষেধ থেকে ছাড় পাবেন। জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার নিরাপত্তা, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ২২৩ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

You may also like

Leave a Comment