প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন ওয়ার্ড সচিবরা, দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়ার আহ্বান
আগরতলা, ২১ সেপ্টেম্বর: তৃণমূল স্তরে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ও সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে ওয়ার্ড সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক, পরিবহণ এবং পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
সোমবার জিরানিয়া নগর পঞ্চায়েতের নবনিযুক্ত ওয়ার্ড সচিবদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।
সুশান্ত চৌধুরী বলেন, তৃণমূল স্তরে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেন ওয়ার্ড সচিবরা। নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরে প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী ও কার্যকর করে তোলার ক্ষেত্রে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নবনিযুক্ত সকল ওয়ার্ড সচিবকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তাঁদের জনসেবার নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতার সঙ্গে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করবেন। এর ফলে তৃণমূল স্তরে সরকারি পরিষেবা প্রদান ব্যবস্থা আরও গতিশীল, সুসংহত ও কার্যকর হয়ে উঠবে।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় স্তরে দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মীদের সক্রিয় ভূমিকা প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করে। একইসঙ্গে সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যাগুলি আরও দ্রুত চিহ্নিত করে তার সমাধানের পথও সহজ হয়।
নবনিযুক্ত ওয়ার্ড সচিবদের উদ্দেশে তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।