Home আগরতলাদশমীঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে চালককে মারধরের অভিযোগ, থানায় পরিবারের লিখিত অভিযোগ

দশমীঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে চালককে মারধরের অভিযোগ, থানায় পরিবারের লিখিত অভিযোগ

by Debasish
0 comments 2 views

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। আহত চালকের পরিবারের অভিযোগ, একটি স্থানীয় ক্লাবের সম্পাদকসহ কয়েকজন যুবক ঘটনার সঙ্গে জড়িত। গুরুতর অবস্থায় ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের দাবি।

পরিবার সূত্রে জানা গেছে, চারিপাড়ার বাসিন্দা জালফু মিয়া শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ প্রতিমা বিসর্জনের জন্য গাড়ি নিয়ে দশমীঘাটে যান। প্রতিমা নামানোর পর গাড়িটি পিছনে নেওয়ার সময় আচমকাই মিথুন নামে এক ব্যক্তির গায়ে গাড়ির স্পর্শ লাগে বলে পরিবারের দাবি। ওই মিথুনকে স্থানীয় একটি ক্লাবের সম্পাদক বলে দাবি করেছে পরিবার।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পরিবারের দাবি, জালফু মিয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে ক্লাবের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে একদল যুবক তাঁর হাত-পা বেঁধে মারধর করেন বলেও অভিযোগ পরিবারের।

শুধু তাই নয়, তাঁর কাছ থেকে নগদ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, মোবাইল ফোনের পাসওয়ার্ড খুলে দেওয়ার জন্য জালফুর উপর চাপ সৃষ্টি করা হয়। প্রথমে তিনি রাজি না হওয়ায় ফের তাঁকে মারধর করা হয় এবং তাতে তাঁর হাতে চোট লাগে বলে পরিবারের অভিযোগ। পরে মোবাইল ফোন খুলে দেওয়ার পর সেটিও নিয়ে নেওয়া হয় বলে দাবি।

পরিবারের অভিযোগ, রাত প্রায় ২টা নাগাদ পুলিশ নদীর পাড় থেকে জালফু মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাঁকে আগরতলার আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে টিএমসি হাসপাতালে এবং সেখান থেকে জিবি পন্ত হাসপাতালে স্থানান্তর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার আহত চালকের পরিবারের সদস্যরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার কাছেও ন্যায়বিচারের আবেদন জানিয়েছে পরিবার।

You may also like

Leave a Comment