কৈলাসহর, ৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কারকে কেন্দ্র করে দেখা দিয়েছে সীমান্ত সংক্রান্ত জটিলতা। বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় ওই অংশের সংস্কার কাজ বর্তমানে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী-সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী মনু নদীর বাঁধের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন। একইসঙ্গে যে অংশের সংস্কার কাজ অসম্পূর্ণ রয়েছে, সেই বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধের সংস্কার কাজ চলাকালীন একটি নির্দিষ্ট অংশে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে আপত্তি ও বাধা দেওয়া হয়। ফলে ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখতে হয়েছে। এর জেরে বাঁধ সংস্কারের কাজ সম্পূর্ণ করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
বিষয়টি যেহেতু সীমান্তবর্তী এলাকার সঙ্গে সম্পর্কিত, তাই প্রশাসনিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বাঁধের কাজ দ্রুত সম্পন্ন না হলে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
এদিন মন্ত্রী টিংকু রায় গোটা পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন। এখন সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ কীভাবে এই সীমান্ত জটিলতার সমাধান করে বন্ধ থাকা বাঁধ সংস্কারের কাজ ফের শুরু করে, সেদিকেই নজর রয়েছে।