১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড; তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি নাকা মামলায় বিশেষ এনডিপিএস আদালতের রায়
আগরতলা, ১ সেপ্টেম্বর : বহির্রাজ্যে গাঁজা পাচারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল বিশেষ এনডিপিএস আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার এনডিপিএস কোর্ট নম্বর-২-এর বিচারক শ্রীমতী শর্মিষ্ঠা মুখার্জি এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুলাই তেলিয়ামুড়া থানার হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরিদর্শক গোবিন্দ দাসের নেতৃত্বে পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির কেবিন থেকে মোট ৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের অভিযোগ, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করেন পরিদর্শক বিদ্যেশ্বর সিনহা। তিনি তদন্তের সিংহভাগ কাজ সম্পন্ন করে বদলি হয়ে যাওয়ার পর বাকি তদন্ত প্রক্রিয়া শেষ করেন প্রীতম দত্ত এবং সমরেশ চাকমা।
আদালত সূত্রে জানা যায়, মামলা চলাকালীন সরকার পক্ষের সর্বমোট ১২ জন সাক্ষী তাঁদের বয়ান প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে।
রায় ঘোষণার পর সরকারি আইনজীবী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “গাঁজা পাচারের দায়ে আদালতের দেওয়া এই দৃষ্টান্তমূলক শাস্তি সমগ্র সমাজের কাছে একটি কড়া সতর্কবার্তা পাঠাবে। এতে অবৈধ মাদক কারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে মানুষ বিরত থাকবে বলে আমরা আশা করি।”