আডরতলা, ৮ আগস্ট: শহরে মাদক কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫.২ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার করেছে রামনগর আউটপোস্টের পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে মাদকসেবী ও সন্দেহভাজন মাদক কারবারিসহ মোট ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে রামনগর আউটপোস্টের পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের মেডিক্যাল পরীক্ষা করানো হয় এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বর্ধমান ব্রিজের নিচে নিয়মিত এক ব্যক্তি এসে ব্রাউন সুগার সরবরাহ করে।
এরপর ওই এলাকায় নজরদারি ও প্যাট্রোলিং শুরু করে পুলিশ। কিছুক্ষণ পর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে তাকে আটক করা হয়। তবে তার কাছ থেকে মাদক কিনতে আসা দুই ব্যক্তি পুলিশকে দেখে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দুই স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে ধৃতের দেহ তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের একাধিক প্যাকেট উদ্ধার করা হয়। পরে ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডাকা হলে উদ্ধার হওয়া নমুনা পরীক্ষা করে সেটি ব্রাউন সুগার বলে নিশ্চিত করা হয়। ওজন করে দেখা যায়, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ৫.২ গ্রাম।
উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও দুই সন্দেহভাজনের নাম জানা গেছে। তাদের বাড়িতে তল্লাশি চালানো হলেও তারা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, শহরে ব্রাউন সুগারের অবাধ বিস্তার রুখতে আগামী দিনেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে এবং মাদকচক্রের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
