আগরতলা, ১৭ আগস্ট: ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে বিপ্লব কুমার দেবের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকুশলতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে দল নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশসেবার সংকল্প আরও দৃঢ় হবে। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন মন্ত্রী।
বিপ্লব কুমার দেবের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগকে ত্রিপুরার জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপির নেতা-কর্মীরা। তাঁর নতুন দায়িত্বকে ঘিরে রাজ্য বিজেপির অন্দরমহলে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
